ইনসাফ প্রতিষ্ঠায় জীবনের হুমকি আসলে পরোয়া করেন না বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা-৫ সংসদীয় আসনে বসবাসরত প্রতিটি নাগরিকের জান মালের নিরাপত্তা দেয়া, তাদের সম্মান মর্যাদা রক্ষা করা মূল দায়িত্ব বলেও মনে করেন তিনি।
গতকাল সোমবার সকাল ১০ টায় ঢাকা-৫ নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওয়ারী ডেমরা জোনের ডিসি ও ওসিসহ পুলিশ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি, এডিসি মোঃ মাসুদ রানা, যাত্রাবাড়ী থানা ওসি মোহাম্মদ রাজু, ডেমরা থানা ওসি তাইফুর রহমান মির্জা, কদমতলী থানা ওসি মোঃ আশরাফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী জোন সহকারী পরিচালক শাহজাহান খান, ডেমরা জোনের সহকারী পরিচালক মোঃ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এস এম শাহরিয়ার, আমার বাংলাদেশ পার্টির সমন্বয়ক লুতফর রহমান প্রমুখ।
এ সময় মোহাম্মদ কামাল হোসেন বলেন, অত্র এলাকায় ভোটার ছাড়াও অনেক মানুষ বসবাস করেন। কে আমাকে ভোট দিয়েছে বা কে আমাকে দেন নাই, কে এই এলাকার ভোটার আর কে এই এলাকার ভোটার না এটা আমাদের জানার বিষয় না। এখানে যারা বসবাস করে আনুমানিক ১০ লক্ষ লোক তাদেরকে সুরক্ষা দেয়া, তাদেরকে আইনী সাপোর্ট দেয়া, তাদের জান মালের নিরাপত্তা দেয়া, তাদের সম্মান মর্যাদা রক্ষা করা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। তিনি বলেন, জনগণ আমাকে যে দায়িত্বে আমাকে দিয়েছে এটাকে আমি আমানত মনে করি। আমার মাধ্যমে কোন ব্যক্তি কষ্ট পাবে এটা আমার হৃদয়ে রক্ত ক্ষরন করবে, আমার অবহেলার কারণে কোন ব্যক্তি কষ্ট পাবে এটা আমার দায়িত্বের অবহেলা হিসেবে পরিগণিত হবে। সকল মানুষের অধিকার রক্ষা করার ক্ষেত্রে আমি, প্রশাসন, আমাদের দল ও ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ সকলে মিলে সমন্বিত টিম হিসেবে কাজ করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে ডিসি, এডিসি ও ওসি বৃন্দ আমাদের কাছ থেকে ১০০ ভাগ সহযোগিতা পাবেন।
যাত্রাবাড়ীতে চাঁদা না দেয়ার কারণে লেগুনা চালক নুরে আলম খাইরুলকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, নুরে আলম যেভাবে মৃত্যু বরন করেছেন সেটা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। প্রশাসনের যদি সঠিক ইনভেস্টিগেশন করে বিচাররের ব্যবস্থা করে তাহলে প্রশাসনের উপর জনগণের আস্থা আসবে। এছাড়াও মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, জুয়ার বিরুদ্ধে প্রশাসনকে যথাযথ ভুমিকা নেয়ার আহ্বান জানান।