অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য : সিইসি
- আপলোড সময় : ০৮:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ৩১২১ বার পড়া হয়েছে
বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। আমরা ও চাই নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক হয়। একই সঙ্গে সাংবাদিকরা যেন অবাধে কাজ করতে পারেন সে বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার জানতে চেয়েছেন।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য। সিইসির সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনে পর্যবেক্ষক ও গণমাধ্যমের ভূমিকা এবং প্রযুক্তির ব্যবহারসহ বেশকিছু বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপান সহ, বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছেন। তারাও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছেন।















