উখিয়ায় ২০ বস্তা ইউরিয়া সার জব্দ, এক চোরাকারবারি আটক
- আপডেট সময় : ১২:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৪

উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক চোরাকারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ফারির বিল এলাকায় অবস্থান নেয়। রাত ১১টার দিকে কয়েকজন চোরাকারবারিকে ইউরিয়া সারের বস্তা আনতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মো. জসিম উদ্দিন (১৯) নামে একজনকে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মীর কাসেমের ছেলে।
অন্য চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সার, তেলসহ অন্যান্য পণ্য মিয়ানমারে পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিদের শনাক্ত করে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের নিরুৎসাহিত করার কার্যক্রমও চলমান রয়েছে। বিজিবি ভবিষ্যতেও মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
























