নড়িয়া-জাজিরা সেতুর নির্মাণ কাজ এক দশকে শেষ হয়নি, ব্যয় বেড়ে ৩৯ কোটি টাকা
- আপডেট সময় : ১২:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১

শরীয়তপুরের নড়িয়া-জাজিরা-ঢাকা সড়কের কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন 'ভাষাসৈনিক গোলাম মাওলা সেতু'র কাজ ১০ বছরেও সম্পন্ন হয়নি। প্রকল্পটি দীর্ঘ সময় ধরে ঝুলে থাকায় স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। সেতুর নির্মাণ ব্যয় প্রাথমিক ১৪ কোটি টাকা থেকে বেড়ে ৩৯ কোটি ২ লাখ টাকায় দাঁড়িয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সেতুর নির্মাণ কাজের জন্য প্রথমে নাভানা কনস্ট্রাকশনকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তারা কাজ শুরু করার পর ২০১৯ সালে প্রকল্প ছেড়ে চলে যায়। এরপর ২০২১ সালে কোহিনুর এন্টারপ্রাইজকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়, তবে তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারেনি।
বর্তমানে তৃতীয় দফায় নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে, যাকে ২১ কোটি ২৫ লাখ টাকায় চুক্তিবদ্ধ করা হয়েছে। এই ঠিকাদারকে এক বছরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেতুর কাজ শুরু হওয়ায় পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়েছে, ফলে যাত্রীদের নৌকায় করে নদী পারাপার করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন হাজারো মানুষ এই পথে চলাচল করেন, যার মধ্যে শিক্ষার্থীরাও রয়েছে। নৌকায় পারাপারের সময় দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা ঘটেছে, এবং বর্ষা মৌসুমে ঝুঁকি আরও বাড়বে। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম জানিয়েছেন, পূর্বের ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সেতুর কাজ শেষ করার দাবি জানিয়েছেন, তাদের আশা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে।

























