পদ্মা রেল সেতুর মাটি অপসারণ প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত: সেতুমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ১

সড়ক, সেতু ও রেল পরিবহন মন্ত্রী রবিউল আলম জানিয়েছেন, পদ্মা রেলওয়ে সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পটি সেতুর নিরাপত্তার জন্য ঝুঁকিহীন। তিনি বৃহস্পতিবার (৩ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মন্ত্রী জানান, মাটি অপসারণ প্রকল্পটি প্রকল্পের চুক্তি ও নকশা অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ার অংশ। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ১৬ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী পরিবহনের জন্য জলাভূমির ওপর অস্থায়ী ভরাট করা হয়েছিল। প্রকল্প শেষ হওয়ার পর সেই ভরাট অপসারণ করে আগের অবস্থায় ফিরিয়ে আনার বাধ্যবাধকতা চুক্তিতে রয়েছে।
এখন পর্যন্ত ১৪ দশমিক ৪১ কিলোমিটার অংশের অস্থায়ী ভরাট অপসারণ করা হয়েছে এবং প্রায় ২ দশমিক ৩৪ কিলোমিটার অংশের কাজ বাকি রয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, গড়ে প্রায় সাড়ে পাঁচ ফুট মাটি অপসারণের পর মূল প্রাকৃতিক স্তরে পৌঁছানো যাবে এবং পাইল ক্যাপের অবস্থানও সুরক্ষিত রয়েছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কাজটি পরিচালিত হচ্ছে, তাই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সংবাদ সম্মেলনে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ উপস্থিত ছিলেন।
























