জামায়াত নেতার নাতনিকে সরকারি সাইকেল উপহার, বিতর্কের পর ফেরত দিলেন
- আপডেট সময় : ০১:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ২

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত একটি বাইসাইকেল নিজের নাতনিকে উপহার দিয়েছেন। এই ঘটনার পর সাইকেলটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দেওয়া হয়েছে।
সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২৪টি বাইসাইকেলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অভিযোগ রয়েছে, তাজুল ইসলাম এক মাদ্রাসাছাত্রের নামে বরাদ্দকৃত একটি সাইকেল নিজেই গ্রহণ করেন এবং পরে সেটি তার নাতনি মারিয়াকে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে, ঝিনাইদহ-৩ আসনের জামায়াত-সমর্থিত সংসদ সদস্য মতিয়ার রহমানের হস্তক্ষেপে সাইকেলটি ফেরত নেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, সাইকেলটি প্রকৃত উপকারভোগী সুমাইয়া খাতুনের কাছে হস্তান্তর করা হয়েছে। তাজুল ইসলাম বলেন, তিনি আর্থিক সংকটের কারণে সাইকেলটি নাতনিকে দিয়েছিলেন, কিন্তু বিতর্কের পর সেটি ফেরত দিয়েছেন।
কোটচাঁদপুরের ইউএনও দীপা রানী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বজনপ্রীতির অভিযোগ ওঠার পর স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে সাইকেলটি ফেরত নেওয়া হয়েছে এবং সরকারি নীতিমালা অনুযায়ী সুমাইয়া খাতুনকে দেওয়া হয়েছে।
























