খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ০

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান তেহরানে অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত শোকানুষ্ঠানে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবেগে কান্নায় ভেঙে পড়েন।
দেশটির প্রশাসন ধারণা করছে, কয়েক দিনব্যাপী চলা এই বিদায় অনুষ্ঠানে প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন (দেড় থেকে দুই কোটি) মানুষ সমাগম ঘটবে। তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান জানিয়েছেন, শহীদ নেতার বিদায় অনুষ্ঠান সফল করতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল ৬টায় প্রার্থনা ময়দানের ফটক জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
এটি খামেনির মৃত্যুর পর ইরানে আয়োজিত অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক সমাবেশ। অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মোহসেনি এজেই এবং এক্সপেডিয়েন্সি কাউন্সিলের চেয়ারম্যান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি উপস্থিত ছিলেন।
বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তা ও রাষ্ট্রপ্রধানরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যার মধ্যে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইরাকের রাষ্ট্রপতি নিজার আমেদি উল্লেখযোগ্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, প্রায় ১০০টি দেশ থেকে সরকারি প্রতিনিধিদল ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে সমর্থন করা ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি।
























