শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে নাটোরের আট শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন
- আপডেট সময় : ০২:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ৪

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হস্তক্ষেপে নাটোরের আট শিক্ষার্থী উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এই শিক্ষার্থীরা ফরম পূরণের জন্য টাকা জমা দেওয়ার পরও প্রবেশপত্র না পাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি।
শুক্রবার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নিতে পারেননি। শিক্ষামন্ত্রী রাজশাহী বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলে তাদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অভিযোগ উঠেছে, কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা গ্রহণ করলেও তা যথাযথভাবে জমা দেননি। এই ঘটনায় গাফিলতির অভিযোগে অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শিক্ষামন্ত্রী নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া, আবদুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে, বগুড়ার সারিয়াকান্দিতে একটি শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর ভুল হওয়ার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওই শিক্ষার্থীরও ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং তিনি আগামীকাল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।


























